বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতি গঠনে ও আলোকিত সমাজ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: শ্যামল এমপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

জাতি গঠনে ও আলোকিত সমাজ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: শ্যামল এমপি

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সিনিয়র শিক্ষকদের সংবর্ধনা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক ছিলেন নরসিংদী কাদের মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। এ সময় শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার্থীদের ফলাফলের মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠদান কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “শিক্ষার আসল কারিগর হলেন শিক্ষকরা। একটি জাতি গঠনে এবং আলোকিত সমাজ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার মানোন্নয়ন নিয়ে কথা বলতে হলে সবার আগে শিক্ষকদের কথা শুনতে হবে এবং তাদের হাতকে শক্তিশালী করতে হবে।”

তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের পথপ্রদর্শক। তাই শ্রেণিকক্ষে পড়ালেখাকে শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড গড়ার একমাত্র কারিগর শিক্ষকরা।

তিনি আরও বলেন, “আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য হলো শিক্ষাকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা। শিক্ষকদের ইচ্ছা ও আন্তরিকতা প্রয়োজন। শিক্ষকরা যদি চান ভবিষ্যৎ প্রজন্ম মানুষ হয়ে উঠুক, তাহলে আমরা দেশকে এগিয়ে নিতে পারব।”

Facebook Comments Box

Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া