অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি ও নিষেধাজ্ঞার মধ্যেই ইরানসহ অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপের ব্যবহার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। রাশিয়ার মতে, এ ধরনের পদক্ষেপ অবৈধ এবং জাতিসংঘের সনদের পরিপন্থী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক ব্রিফিংয়ে জাখারোভা বলেন, নিষেধাজ্ঞা-সংক্রান্ত আরেকটি বেআইনি উদ্যোগ মোকাবিলায় রাশিয়া ইরানি সমকক্ষ ও অন্যান্য আগ্রহী দেশের সঙ্গে সমন্বয় করবে।
তিনি বলেন, সমমনা অংশীদারদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার প্রচেষ্টা অব্যাহত রাখবে মস্কো। তাঁর অভিযোগ, পশ্চিমা দেশগুলোর কাছে অপ্রিয় রাষ্ট্রগুলোকে শাস্তি দেওয়া এবং রাজনৈতিক হিসাব মেটানোর হাতিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ব্যবহার করা হচ্ছে।
ইরানের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে। চীন জানিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সমাধান সম্ভব নয়। একই সঙ্গে দেশটি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah