বৃহস্পতিবার ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে চীনা চাষির চমক: গাছে ঝুলছে ১৬ ইঞ্চি লম্বা মরিচ

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   44 বার পঠিত

শ্রীপুরে চীনা চাষির চমক: গাছে ঝুলছে ১৬ ইঞ্চি লম্বা মরিচ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে আড়াই বিঘা জমিতে অদ্ভুত এক দৃশ্য। সারি সারি গাছ, আর প্রতিটি গাছে ঝুলছে ১২ থেকে ১৬ ইঞ্চি পর্যন্ত লম্বা মরিচ। মরিচের ভার সামলাতে প্রতিটি গাছে দেওয়া হয়েছে খুঁটির সাপোর্ট। এই অসাধারণ মরিচখেতের উদ্যোক্তা চীনা নাগরিক ছেন জিয়েন গাও।

‘চাপাই-কোপাই’ নামের এই বিশেষ মরিচ ইন্দোনেশিয়ায় বহুল প্রচলিত এবং চায়নিজ রেস্তোরাঁগুলোতে এর চাহিদা অত্যন্ত বেশি। রেস্তোরাঁ ব্যবসায়ী ছেন জিয়েন গাও মূলত সেই চাহিদা মেটাতেই বাংলাদেশের মাটিতে এই মরিচ চাষের উদ্যোগ নিয়েছেন। প্রতিটি গাছে দুই থেকে তিন কেজি পর্যন্ত মরিচ ধরেছে এবং অনেক মরিচ ইতিমধ্যে পেকে লাল বর্ণ ধারণ করেছে। চীনা উদ্যোক্তাসহ কয়েকজন স্থানীয় শ্রমিক মিলে পাকা মরিচ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।

খেতের পরিচর্যায় নিয়োজিত শ্রমিক আরিফ হোসেন জানান, এই চীনা নাগরিক দীর্ঘদিন ধরে তাঁর দেশীয় বিভিন্ন শাকসবজি এখানে চাষ করে আসছেন। তবে সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছেন চাপাই-কোপাই মরিচে। ফলনও হয়েছে আশাতীত। ছোট একটুকু জায়গায় চাষ করলেই দুই থেকে আড়াই মণ মরিচ পাওয়া যাচ্ছে। প্রতিদিন অনেক কৌতূহলী মানুষ এই মরিচখেত দেখতে আসছেন।

ছেন জিয়েন গাও বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর এবং এখানে শাকসবজি চাষ করে তাঁরা ভালো ফলাফল পাচ্ছেন। উৎপাদিত মরিচ খোলাবাজারে বিক্রি না করে নিজেদের রেস্তোরাঁয় ব্যবহার করা হচ্ছে। তিনি জানান, এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষের পরিকল্পনা রয়েছে। জমির মালিক আতিকুর রহমান প্রধানও জানিয়েছেন, চীনা এই উদ্যোক্তা আরও বেশি জমি লিজ নিতে আগ্রহী।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, এই মরিচে ক্যাপসিকামের মতো বিশেষ ফ্লেভার রয়েছে এবং চায়নিজ রেস্তোরাঁগুলোতে এর উচ্চ চাহিদার কারণে এটি বেশ লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ওই উদ্যোক্তাকে কারিগরি সহায়তা এবং পোকামাকড় ও রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Posted ৬:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ