সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 266 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রস্তাব গ্রহণ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখ পীর এলাকায় এ ইপিজেড স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। সংশ্লিষ্ট একটি চিঠি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া-র কাছেও পাঠানো হয়েছে। পরে তিনি সেটি সাংবাদিকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ইপিজেড স্থাপনের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত ২৪ মার্চ বেপজার নির্বাহী চেয়ারম্যানের কাছে দেওয়া এক আবেদনে কবীর আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত তিনলাখ পীর একটি সম্ভাবনাময় গ্রোথ সেন্টার। জেলা শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন আখাউড়া রেলওয়ে জংশন এবং প্রাচীন আখাউড়া স্থলবন্দর-এর নিকটবর্তী হওয়ায় কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য পরিবহনে এলাকাটি অত্যন্ত সুবিধাজনক।
এছাড়া মহাসড়কের পাশে পর্যাপ্ত খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ায় অধিগ্রহণ করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। সার্বিক দিক বিবেচনায় তিনলাখ পীর এলাকাটি ইপিজেড স্থাপনের জন্য উপযুক্ত বলে মত দেন তিনি।
উল্লেখ্য, ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হলো শুল্কমুক্ত ও বিশেষ সুবিধাপ্রাপ্ত শিল্প এলাকা, যেখানে মূলত রপ্তানিমুখী পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংযোজন করা হয়। এসব অঞ্চল বেপজার মাধ্যমে পরিচালিত হয় এবং এর লক্ষ্য বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah