সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 243 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে এক লন্ড্রি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খড়মপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবল চন্দ্র দাস পৌর এলাকার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি শহরের সড়ক বাজার এলাকায় একটি লন্ড্রি দোকান পরিচালনা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় কাজ শেষে ট্রেনে করে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল দাস। সেখান থেকে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার ভাইয়ের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১) জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah