সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ১৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মাঠে ১২ প্লাটুন বিজিবি

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   8 বার পঠিত

গাজীপুরে ১৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মাঠে ১২ প্লাটুন বিজিবি

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য।

সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষ অব্যাহত থাকায় শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারবে।

এদিকে, সোমবার সকালে মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ বি এম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ শুরু করে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রয়েছে।

৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গাজীপুর শিল্পাঞ্চলে ৬ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গাজীপুরে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে দুই হাজারের বেশি তৈরি পোশাক কারখানার অনুমোদন রয়েছে। এসব কারখানার মধ্যে ৯০০টির বেশি রপ্তানিমুখী।

Facebook Comments Box

Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া