নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিশু ও মাতৃস্বাস্থ্য, পুষ্টি, টিকাদান এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বাড়াতে ফ্যামিলি সমাবেশ ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৬ দ্বিতীয় প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ১৬ নভেম্বর সরাইল উপজেলার টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা কৃষি অফিসার অভিজিৎ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রবিউল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুহেনা মো. মাসুদ, টিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার এবং ১ নম্বর টিঘর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েছ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অভিজিৎ সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হতদরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে ১৪টি উপজেলা ও এলাকায় ৩৭ হাজার ৫৬৭ জন উপকারভোগীকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের একজন নারী সদস্যকে এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তাঁরা স্বল্পমূল্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। সম্ভাব্য উপকারভোগীদের তালিকা তৈরিতে সমাজসেবা বিভাগ, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কাজ করছেন।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। এ তথ্যের সূত্র হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের কথা উল্লেখ করা হয়।
কৃষক কার্ড কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের মার্চ ও এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষিসেবা ডিজিটাল ব্যবস্থায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ রোগ থেকে সুরক্ষিত থাকতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ফ্যামিলি সমাবেশের সমাপ্তি হয়।
নাসিরনগরে কমিউনিটি সভা
অন্যদিকে, জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় দ্বিতীয় প্রান্তিকের কর্মসূচির অংশ হিসেবে ৩ নভেম্বর নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেঠাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবীবুর রহমান, শিক্ষক কল্পনা রানী দাস, সহকারী শিক্ষক অজিৎ চন্দ্র বিশ্বাস ও সুমন কুমার এবং বিদ্যালয়ের সভাপতি শেখ মাহবুব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ আসলাম উদ্দিন শিশু ও মাতৃস্বাস্থ্য, পুষ্টি, টিকাদান, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরীদের স্বাস্থ্যসচেতনতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ এবং ছয় থেকে ২৩ মাস বয়সে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পর্যাপ্ত সুষম খাবার গ্রহণ এবং পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া ১০ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের প্রতি সপ্তাহে আয়রন ট্যাবলেট গ্রহণ ও ফলিক অ্যাসিডসমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি। অপুষ্টিতে ভোগা শূন্য থেকে দুই বছর বয়সী শিশুদের মা ও পরিচর্যাকারীদের বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা করেন।
শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করা, মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া এবং ছয় সপ্তাহ বয়স থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুর টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গর্ভবতী নারীদের নিয়মিত প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা গ্রহণ এবং দক্ষ ধাত্রীর মাধ্যমে নিরাপদ প্রসব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সময়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কমিউনিটি সভার সমাপ্তি হয়। সভায় প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah