রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি সংগৃহীত

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন তিনি।

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন।

পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক। এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।

সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। প্রথমত, পরিচ্ছন্নতা। নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ। বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ। পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া