সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের ৪ থেকে ৫টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে বাবুল গ্রুপ ও আরজু গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে দুই দিন আগে রাতেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার সকালে সেই বিরোধের জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের ৪ থেকে ৫টি বাড়িঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৩:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah