সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 61 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে যাচ্ছিল। পথে মনিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
Posted ২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah