সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 38 বার পঠিত
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান ও নৈতিক শিক্ষাসহ নানা বিষয়ের বই পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার ২০ হাজারের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে এ কর্মসূচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
জেলা প্রশাসক জানান, গত ৪ আগস্ট এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। পরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী। বিভিন্ন ধাপে বাছাই শেষে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১৩৫ জন।
বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলা সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, জীবনী, শিশু-কিশোর সাহিত্য ও নৈতিক শিক্ষাবিষয়ক নির্বাচিত বইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা এবং একটি জ্ঞানভিত্তিক, মননশীল ও আলোকিত প্রজন্ম গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বই পড়ার অভ্যাস তৈরি, জ্ঞানচর্চার প্রসার, নৈতিক মূল্যবোধের বিকাশ ও সৃজনশীল চিন্তার চর্চাকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, আইসিটি শাখা) মো. শরীফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এ সময় বইপড়া কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়।
Posted ৩:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah