সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 51 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের মোট মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগরের ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাককে সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিতে ট্রাকটি থেকে ভারতীয় উন্নতমানের ১৩৭টি কম্বল, রেড বুল এনার্জি ড্রিংকসের ১ হাজার ৫৬৯ ক্যান, ১৮ হাজার ২৪৩টি চকলেট এবং ৮ হাজার ৪৫০টি উন্নতমানের সানগ্লাস জব্দ করা হয়।
জব্দ করা পণ্য ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
Posted ৩:৩১ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah