সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 275 বার পঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাস, শিশু আয়েশা ও মুন্নী হত্যার খুনীদের দ্রুত বিচার, প্রথম আলো ও ডেইলী স্টার এবং ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তাসহ দেশব্যাপী মব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে আজ ২৭ ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী চর্চা কেন্দ্রের সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নাসির, অধ্যাপক আবু হানিফ, সাহিত্য একাডেমির পরিচালক অ্যাডভোকেট মানিক রতন শর্মা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন, টিইউসির সভাপতি আল মামুন,কবির কলম সভাপতি হুমায়ুন কবির, প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ শাহজাহান, সোনালী সকাল সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা সাম্প্রতিক আলোচিত সকল হত্যাকান্ড, পত্রিকা অফিসে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে স্বপ্ন দেখা দিয়েছিল যে কর্তৃৃত্ববাদের অবসানে দেশে গণতান্ত্রিক ও মত প্রকাশের সুস্থ পরিবেশ ফিরে আসবে। কিন্তু কিছুদিন না যেতেই অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দেশব্যাপী উগ্র ধর্মান্ধ গোষ্ঠির অপতৎরতা এবং মব সন্ত্রাস বেড়েই চলেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অজুহাতে প্রকাশ্যে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে, লক্ষীপুরে বিএনপি নেতা বেলালের ঘরে তালা দিয়ে আগুন দিয়ে তার দু’কন্যা আয়েশা ও বিথী আক্তার মুন্নীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মাজার গুড়িয়ে দেয়া অব্যাহতভাবে চলছে । প্রতিশ্রুতিশীল সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তা করা হয়েছে। গেøাবাল টিভির হেড অব নিউজ নাজনীন মুন্নীকে টকশো করার দায়ে চাকরিচ্যুত না করলে গ্লোবালের অফিসে অগ্নিসংযোগের হুমকি দেওয়ার ঘটনাবলী জুলাইয়ের চেতনার পরিপন্থী এবং গণতন্ত্রে উত্তরণের পথে প্রবল প্রতিবন্ধকতা বলে মনে করি।
বক্তারা বলেন, নির্বাচনের তফশিল ঘোষণা করা হলেও দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে জনমনে আশংকা দিন দিন প্রকট হচ্ছে। তাই এসব নৈরাজ্যকর কর্মকান্ডের সাথে যে সব গোষ্ঠী সম্পৃক্ত তাদের কঠোর হস্তে দমনের জন্য অন্তর্বর্তী সরকারে প্রতি জোর দাবি জানান। অন্যথায় জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে।
প্রতিবাদ সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah