অনলাইন ডেস্ক | রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
বরগুনা শহরে চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগে তিন ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৮ জুন শনিবার রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়। এছাড়া একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্।
জরিমানাপ্রাপ্তরা হলেন- বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম ও জাহাঙ্গীর হোসেন। আর জহিরুল ইসলাম সৌরভ নামের আরেকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় ভুয়া চিকিৎসক ধরার বিশেষ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সনদপ্রাপ্ত না হয়েও চিকিৎসক পরিচয়ে চিকিৎসা দেওয়া চারজনকে আটক করা হয়। এর মধ্যে তিনজন দোষ স্বীকার করায় তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়। বাকিজন দোষ স্বীকার না করায় তার বিরুদ্ধে বিএমডিসি আইন ২০১০ এর ২৯ ধারায় মামলা করা হয়।
বরগুনা ডিবি পুলিশের ওসি ইউনুস আলী ফরাজী বলেন, বরগুনা পৌর শহরে চিকিৎসক না হয়েও কয়েক ব্যক্তি চিকিৎসক সেজে রোগীদের সাথে প্রতারণা করছিলেন। এমন অভিযোগে চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়।
Posted ৬:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah