জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 91 বার পঠিত
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে এসএম সৌরভ হোসেন নামে এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১ জুন রোববার সকালে সেনানিবাসের নির্মাণাধীন একটি ভবনের লোহার পাইপের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান সহকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ বলছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই সেনাসদস্য। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এসএম সৌরভ হোসেন (৩০) রাজেন্দ্রপুর সেনানিবাসের ১১ এমপি ইউনিটের সদস্য ছিলেন। আজ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
সৌরভ হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ গ্রামের উজির আলী মোল্লার ছেলে। সৌরভের স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি আব্দুল হালিম বলেন, আজ ভোররাত ৫টার দিকে রাজেন্দ্রপুর সেনানিবাসের ৯০২ সেন্ট্রাল ওয়ার্কশপের সৈনিক লাইনের নির্মাণাধীন ভবনের লোহার পাইপের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সৌরভ হোসেন। এ সময় ইউনিফর্ম পরা অবস্থায় ছিলেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah