সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 174 বার পঠিত
নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের স্কুলে পৌঁছানো হলো না । বাবার সাথেই অনন্তের পথে পাড়ি জমিয়েছে রুবাইয়া। আজ ২৪ জুন মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে বাবা আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুনের (১৫)। সকাল আটটার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খোশবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৪-৮১৫২) তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ‘পাগলু’ গাড়িটি চালাচ্ছিলেন ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মো. আশরাফুল ইসলাম। তার একমাত্র যাত্রী ছিল তার মেয়ে রুবাইয়া খাতুন।
বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সে। বাবা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন।
বাসের ধাক্কায় ‘পাগলু’ গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আশরাফুল ইসলামের মৃত্যু হয়। তার নিথর দেহ পড়ে থাকে রাস্তার ওপর। গুরুতর আহত অবস্থায় মেয়ে রুবাইয়াকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
এ বিষয়ে বোদা হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
Posted ৫:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah