জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ৫ এপ্রিল ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মা মাসুমা বেগম পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রসব বেদনা উঠলে মাসুমাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সফলভাবে এই বিরল প্রসব সম্পন্ন হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন। পাঁচ শিশুর মোট ওজন প্রায় ৮ কেজি, এবং প্রতিটির গড় ওজন ১ কেজি ৪০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে, যা এমন পরিস্থিতিতে আশাব্যঞ্জক বলে মনে করছেন চিকিৎসকরা।
দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচ শিশুর সুস্থ জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এ ধরনের ক্ষেত্রে নবজাতকদের ওজন কম থাকে এবং ঝুঁকিও বেশি থাকে।
এদিকে, খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উৎসুক মানুষের ভিড় বেড়েছে। দূর-দূরান্ত থেকে অনেকে শিশুদের একনজর দেখতে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
তবে শিশুদের বাবা-মা এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তারা সন্তানদের সুস্থতা ও পরিবারের গোপনীয়তাকেই প্রাধান্য দিচ্ছেন।
Posted ৫:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah