জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সূত্রে ও র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৭-৩১৮৯) করে বিদেশি মদের একটি বড় চালান গাজীপুর চৌরাস্তার দিকে আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র্যাব।
পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনের অংশে (বুট/ব্যাক ডালা) রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে সুকৌশলে লুকানো ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত প্রাইভেটকারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah