ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | রবিবার, ১৩ জুলাই ২০২৫ | প্রিন্ট | 291 বার পঠিত
সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে। ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রি চিকিৎসা সেবা প্রদান করলেন প্রায় ২ হাজার দুস্থ ও হতদরিদ্র রোগীকে। চিকিৎসা সেবা পেয়ে এসব মানুষের চোখে-মুখে ছিল এক ধরনের আশার আলো। মানবতার সেবার এই চিকিৎসা ক্যাম্প ডাক্তার আর রোগীদের মিলন মেলায় পরিণত হয়েছে। এই মহতী উদ্যোগের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
১২ জুলাই সকাল ১০টায় ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে আসলাম চৌধুরী শুধু অতিথির আসনে বসে থাকেননি, ঘুরে ঘুরে দেখেছেন প্রতিটি চিকিৎসা কক্ষ, কথা বলেছেন রোগীদের সাথে। তিনি বলেছেন, এটি কোন রাজনৈতিক সভা নয়, এটি মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব দৃষ্টান্ত।
চিকিৎসা ক্যাম্পে কাজ করেছেন চট্টগ্রাম শহরের নামকরা হাসপাতাল ও মেডিকেল কলেজ থেকে আসা ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এখানে রোগ অনুযায়ী ভাগ করা ছিল চিকিৎসা সেবা-হৃদরোগ, ডায়াবেটিস, শিশু, চর্ম, অর্থপেডিক্স, গ্যাস্ট্রো, ইউরোলজি, নিউরো, নাক-কান-গলা, কিডনি রোগসহ প্রায় ১৫টি বিভাগে ছিল আলাদা ব্যবস্থাপনা।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, প্রাথমিক রেজিস্ট্রেশন করেছেন প্রায় ১৫ শত রোগী, এছাড়া আরও কয়েকশ’ মানুষ ক্যাম্পে সরাসরি এসে চিকিৎসা নিয়েছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় ছিল চোখে পড়ার মতো, তবুও সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছেন সবাই।
চিকিৎসকদের অনেকে জানান, আয়োজনে পেশাদারিত্ব ছিল, রোগীদের প্রতি সম্মান ছিল। রোগীরাও সন্তুষ্ট, কারণ তারা শুধু চিকিৎসা নয়, পেয়েছেন সহানুভূতিও।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah