সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নে নাহিদা আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
রোববার নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে স্বামীসহ তিনজনের নাম উল্লেখ করে নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের শিশু মিয়ার ছেলে তানভীর আহমেদের সঙ্গে কুমিল্লার মুরাদনগর উপজেলার গাঙ্গেরকোট গ্রামের খলিল মিয়ার মেয়ে নাহিদা আক্তারের প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই নাহিদার ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন চালাত। প্রায় তিন বছর আগে তানভীর প্রবাসে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সম্প্রতি দেশে ফিরে আসার পর আবারও দাম্পত্য কলহ শুরু হয়। মৃত্যুর আগেও নাহিদাকে মারধরের অভিযোগ উঠেছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা হয়েছে এবং স্বামী পলাতক রয়েছেন। বিষয়টি তদন্তাধীন।
গাঙ্গেরকোট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল মাস্টার বলেন, “নাহিদা আমার ছাত্রী ছিল, খুবই নম্র-ভদ্র মেয়ে। হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা বন্ধ না হলে সমাজে অপরাধ বাড়বে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah