বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিতে চির স্মরণীয় ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস

মো. আবুল হাসনাত অপু   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   220 বার পঠিত

স্মৃতিতে চির স্মরণীয় ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস

২৭ নভেম্বর বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর স্মরণীয় ঐতিহাসিক ৩৯তম জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস। আজ হতে ৩৮ বছর আগে বিগত ১৯৮৩ সালে সকল ধরণের প্রয়োজনীয় সরকারি প্রাতিষ্ঠানিক সুবিধা বঞ্চিত তৎকালীন মহকুমা সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণা করার জন্য তৎকালীণ হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের নিকট দাবি জানিয়ে সর্বদলীয় এবং সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে উঠে।

সর্বদলীয় জেলা আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পালন করতে থাকে একের পর এক কর্মসূচি। আন্দোলন তীব্র গণআন্দোলনে রূপ নেয়ার পরও সেনা শাসকের সরকার দাবি মানায় নিরবতা পালন করে সকল মহকুমা গুলোকে থানায় অবনমন করায় জেল জুলুমকে উপেক্ষা করে চূড়ান্ত পর্বে ২৭ নভেম্বর ডাকা হয় অনির্দিষ্ট কালের হরতাল কর্মসূচি। আন্দোলনের তীব্রতায় অচল হয়ে যায় মহকুমা হতে থানায় অবনমিত করা ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের সকল কার্যক্রম।

গণআন্দোলন চলাকালে এরই এক পর্যায়ে একদিন সন্ধ্যায় বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর সুপার মার্কেট চত্বরে হাজারো জনতার উপস্থিতিতে একটি মঞ্চে সাংস্কৃতিক রাজধানী এই ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি কর্মী, সাংবাদিক আল আমিন শাহীনের কঠোর অনুশীলন মূলক অভিনয়ে মঞ্চস্থ হয় একাংকীকা নাটক “এরশাদ আলী”। ছন্দোবদ্ধ নৃত্যের তালে উচ্চারিত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়াবাসীর ন্যায্য দাবি বাস্তবায়নে এরশাদ সরকারের অনীহা ফুটে উঠায় এতে ক্ষুব্ধ হয়ে উঠা সাধারণ জনতা এবং ব্যবসায়ীরা শাহীনকে ধন্যবাদ জানিয়ে জেলা আন্দোলনের জোরালো দাবির সাথে বেশী আকৃষ্ট ও একাত্ম হয়।

গণআন্দোলনের চূড়ান্ত পর্বে জেলা আন্দোলন সংগ্রাম পরিষদের আহুত ২৭ নভেম্বর দিনে হরতাল শুরু হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া সর্বস্তরের ছাত্র জনতার অবরোধে ভোর হতে রেলওয়ে আর সড়ক পথে অবরুদ্ধ হয়ে পড়ায় পূর্বাঞ্চলের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সীমানার বাইরে সকল স্থানে লঞ্চ ট্রেন বাস ট্রাক ও সকল ধরণের যানবাহন আটকা পড়ে যায় যাত্রী ও মালামালসহ। সারাদিন দুর্ভোগ পোহায় মানুষ। শহরের সকল সরকারি বেসরকারি কার্যালয় (অফিস), শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে সর্বস্তরের নারী পুরুষ শিশু মিছিলে মিছিলে প্রকম্পিত করে তুলে ব্রাহ্মণবাড়িয়া’র রেল ও সড়ক পথ। অবরুদ্ধ পথে প্রতিবন্ধকতা (বেড়িকেড) তৈরী করে টায়ার ও গাছ ফেলে জ্বালানো হয় আগুন। সে আগুন ক্রমশ. ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ভবন, পশ্চিম মেড্ডাস্থ সি ও অফিস (বর্তমান ইউএনও অফিস), জনতা ব্যাংক প্রধান শাখা কার্যালয়সহ বিভিন্ন স্থানে। বিক্ষোভের আগুনে পুড়ে ধ্বংস স্তুপে পরিণত হয় সবকিছু। পোড়া রেলওয়ে স্টেশনে নিয়োজিত তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় অবরোধকারী ছাত্র জনতা।

সকাল থেকে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর বর্ষিত গুলিতে বিদ্ধ হন রেলওয়ে ব্রীজের উপরে দাঁড়ানো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র আমার অগ্রজপ্রতীম ওবায়দুর রউফ পলু। তিনি মহকুমা হতে থানায় অবনমিত ব্রাহ্মণবাড়িয়াকে জেলা করার লক্ষ্যে আত্মদান করে শাহাদাৎ বরণ করেন। ছাত্র জনতা আইনশৃঙ্খলা বাহিনীর কবল থেকে ওবায়দুর রউফ পলু’র লাশ ছিনিয়ে নিতে সক্ষম হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসা সেনাবাহিনীর তাক করা সশস্ত্র সাঁজোয়া যানের উপস্থিতে থমথমে শহর ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ নভেম্বর দুপুরে কালো পতাকায় ঢাকা শহীদ ওবায়দুর রউফ পলুর শববাহী মৌন মিছিল নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয় বিশাল জানাজায়। বিকেলে শহরতলীর শেরপুরস্থ হযরত মীর শাহাবুদ্দীন (রা.) এর মাজার সংলগ্ন কবরস্থানে লাখো মুসল্লীর অশ্রু সজল নয়নে দাফন সম্পন্ন হয় ওবায়দুর রউফ পলুর।

এর সুফল হিসেবে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে তৎকালীন সেনাশাসিত সরকারের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বিশাল জনসভায় তুমুল করতালির মধ্যে মহকুমা-থানার বিলুপ্তি ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দাবি ও ওবায়দুর রউফ পলু’র প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ৪৫টি মহকুমাকে জেলার স্বীকৃতি ঘোষণা করেন। এর ধারাবাহিকতায় পরে স্থাপিত হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়সহ জেলা পর্যায়ের পাসপোর্ট অফিস এবং জেলা রেজিষ্ট্রি ভবন, জেলা কারাগারসহ বিভিন্ন দপ্তর। যার সুফল কাছে থেকে বর্তমানে ভোগ করছেন ব্রাহ্মণবাড়িয়াসহ সংশ্লিষ্ট সকল জেলাবাসী। এই ৪৫টি এবং আগের ১৯টি মিলিয়ে বর্তমানে দেশের মোট জেলার সংখ্যা ৬৪টি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলনে নেতৃত্বদানকারী আব্দুল্লাহ আল বাকীসহ নেতৃবৃন্দের কয়েকজন বর্তমানে আমাদের মাঝে বেঁচে নেই। কেহ কেহ অসুস্থ। অন্যরা ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত। এরই মধ্যে জেলা আন্দোলনের স্মৃতিকে টিকিয়ে রাখতে বিগত ১৯৯১ সালের ০১ নভেম্বর গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে জেলা অন্দোলনে শহীদ ওবায়দুর রউফ পলু’র স্মৃতিকে চির জাগরুক রাখতে জেলা সদরের পৌর এলাকাধীন পুরাতন কোর্ট রোড এর নাম পরিবর্তন করে শহীদ পলু সড়ক নামকরণ ফলক স্থাপন করা হয়। বর্তমানে এটি পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলোতে সাইন বোর্ডে নাম পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। জেলা উন্নয়ন পরিষদ জেলাবাসীর স্বার্থে বাংলাদেশ সরকারের নিকট বৃহত্তর জনস্বার্থে বিভিন্ন দাবি জানিয়ে এসেছে।

লেখক-সাংবাদিক ও সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ।

Facebook Comments Box

Posted ২:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া