ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 89 বার পঠিত
২০২৪ সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে দেশব্যাপী নারীদের সাহসী ভূমিকার স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো ‘জুলাই নারী দিবস’ পালিত হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা ক্যাম্পাসের কাটাপাহাড় সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে সকাল সাড়ে ৯টায় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘অন্যায়কে রুখে দেওয়ার শপথ’, ‘হামার বেটাক মারলু কেন’, ‘নারী মানে দুর্বলতা নয়’, ‘যেদিন সে পতাকা জড়ালো গায়ে, সেদিন থেকে অন্যায় তার ভয়ে কাঁপে’-এমন নানান প্রতিবাদী শ্লোগান।
আলোচনা সভায় অংশ নেন চবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শতাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষিকা।
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলেন, আন্দোলনের সেই দিনগুলোতে ছাত্রী হিসেবে অংশ নেওয়া মোটেও সহজ ছিলো না। তারপরও নারীরা পিছিয়ে ছিল না। ছাত্রলীগ হামলা চালানোর পরও তারা পিছু হটেনি। পুলিশ যখন ছাত্রদের গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল, তখন ছাত্রীরা সেই গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। নারী মানেই শক্তি, নারী মানেই ভবিষ্যতের সাহস।
চবির প্রো-ভিসি(প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রথম গণতান্ত্রিক আন্দোলন হলো জুলাই গণ-অভ্যুত্থান। এই আন্দোলনে নারীদের অবদান অনস্বীকার্য। নারীরা যেন কোথাও তাদের অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের দৃঢ় ভূমিকা ছিল। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বাংলাদেশের কোনো আন্দোলনেই নারীরা পিছিয়ে ছিলো না। চবির নারী শিক্ষার্থীরাও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। নারী-পুরুষ একসাথে এগিয়ে গেলে তবেই একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।
Posted ২:১২ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah