নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট | 324 বার পঠিত
কুড়িগ্রামের উলিপুরে জালভোট দিতে গিয়ে আবুল কালাম (৩৫) নামের এক রিকশাচালক আটক হয়েছেন। পরে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ২১ মে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সাজা পাওয়া আবুল কালাম ওই ইউনিয়নের কুমাড়পাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ জানান, আবুল কালাম নামের ওই ব্যক্তি আগে নিজের ভোট দিয়ে গেছেন। পরে আবার জালভোট দিতে গেলে সেখানে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের সন্দেহ হয়। পরে তাকে আটক করা হলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তার সামনে তিনি জাল দিতে এসেছেন বলে স্বীকারোক্তি দেন।
এ ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী জালভোট প্রদান করে অপরাধ করায় এবং সাক্ষীদের উপস্থিতিতে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত কোর্ট আইন ২০০৯ এর ৯ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
এ ছাড়া কৃষ্ণমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সম্রাট মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা, খুদিরকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শফিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ২০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দিতে গেলে ফেরদৌস হাসান (১৮) এবং বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাসরীফ আলম আমীন (১৭) নামে এক যুবককে আটক করা হয় বলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah