সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের মাঝে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে ইতোমধ্যে প্রায় ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।
তিনি বলেন, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান। এ বিষয়ে কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
এছাড়া দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ খাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি ১৫ জন কৃষকের হাতে সরাসরি কৃষক কার্ড তুলে দেন এবং গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah