সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কসবা পৌর এলাকার কদমতলী মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
অভিযানকালে ‘সিয়াম অটো পয়েন্ট’ নামে একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে দোকানটির মালিক শাফায়েত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় দোকানে মজুদ থাকা জ্বালানি তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের মালিকদের কাছে বিক্রি নিশ্চিত করা হয়। এতে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ অবৈধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৮:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah