আরিফুর রহমান আরিফ : | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রবাসী বাঙালিদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলা’। বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে ১৪ এপ্রিল এগ হারবার টাউনশিপের হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন প্রাণের আমেজে ভরে ওঠে।
অতীতের সব গ্লানি ভুলে নতুন বছরে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় প্রবাসীরা একত্রিত হয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেন। বিকেল থেকেই রঙিন বৈশাখী সাজে সেজে প্রবাসী বাংলাদেশিরা উৎসবস্থলে সমবেত হতে থাকেন। লাল-সাদা পোশাক আর বর্ণিল সাজে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে বৈশাখের রঙে রঙিন।
ঢাকের তালে তালে শুরু হয় উৎসবের আবহ। ঢোল, করতাল, একতারা, দোতারা, মৃদঙ্গ ও ভেঁপুর সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সমস্বরে গেয়ে ওঠেন “এসো হে বৈশাখ, এসো এসো…”—যা মুহূর্তেই ছড়িয়ে দেয় উৎসবের আবেগ।
মঙ্গল শোভাযাত্রা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারীরা বাদ্যের তালে নেচে-গেয়ে পুরো উৎসবস্থল প্রদক্ষিণ করেন। বিশেষ করে নতুন প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্বে সংগীত পরিবেশন করেন জামান রুকু ও মাসুম বাউল। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা ও পার্কিং এনফোর্সমেন্ট কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীকে বিশেষ সম্মাননা জানানো হয়।
উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী বিন্দু কণা, নাজু আখন্দ, টিনা রাসেল ও স্বপ্নীল সজীবের পরিবেশনায় জমে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাদের গানে প্রবাসীরা নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেলায় ছিল নানা পণ্যের স্টল, যেখানে ভালো বিকিকিনি হয়। দিনশেষে র্যাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রবাসে আরও গৌরবের সঙ্গে তুলে ধরতেই এই আয়োজন। বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, আহ্বায়ক মনির হোসেন, সদস্য সচিব কাজী লিখন ও প্রধান সমন্বয়ক মিরাজ খান অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এই আয়োজন যেন প্রবাসে বাঙালির শিকড়ের টানে এক মিলনমেলায় পরিণত হয়—যেখানে ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই মিলে বরণ করে নেয় বাংলা নববর্ষ।
Posted ৪:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah