অনলাইন ডেস্ক | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 62 বার পঠিত
ছবি সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমির বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজে বাধা দেন। এতে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মনজুর মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Posted ১০:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah