জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী ও বৈশাখী উৎসব-১৪৩৩’। শুক্রবার বিকেলে সোয়াদ কমিউনিটি সেন্টারে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী মো. কামাল উদ্দিন।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বাঙালি সংস্কৃতির লালনকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান স্থানীয় সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।” তিনি জিপিএ-নির্ভর শিক্ষার বাইরে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকার প্রশংসা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
বৈশাখী উৎসবের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, অপসংস্কৃতি রোধ করে নতুন প্রজন্মের কাছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য তুলে ধরতে হবে। এছাড়া ৩৮ নম্বর ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মো. হালিম মিয়া এবং উদ্বোধন করেন আলহাজ মো. আব্দুল জব্বার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন নবীন-প্রবীণ জনকল্যাণ সংস্থার সদস্য মো. আবুল হোসেন, আবুল কালাম আজাদ মালুম, রায়হান চৌধুরী খাজা, জাকির, আখতার হোসেন ও সাংবাদিক আমির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah