জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত
গাজীপুরের ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুল ইসলাম (৩৪), ফয়জুল ইসলাম খান (৩৫), ইফতিয়ার কাসেম চার্লী (৩০), জিহাদ আহম্মেদ (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও আবির হোসেন (২৩)।
শুক্রবার রাতে গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় সেখানে একটি ডিজে পার্টি চলছিল।
জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, রাতভর অভিযানে রিসোর্ট থেকে বিপুল পরিমাণ মাদক ও মদ জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—৯টি এক্সটেসি ট্যাবলেট, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১ ক্যান বিয়ার এবং ৩ বোতল ভোদকা।
গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম বলেন, ডিজে পার্টিতে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন মাদক সরবরাহ করা হচ্ছিল। এ আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নেন জাহিদুল আলম।
Posted ৭:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah