জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত
গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি বিধি-বিধানের চেয়ে বেশি প্রভাব খাটাচ্ছেন ‘জামাই সোহেল’ নামে এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, এই অফিস যেন তার শ্বশুরবাড়িতে পরিণত হয়েছে, যেখানে তার ইশারায় খাস কামড়ার মতো গুরুত্বপূর্ণ কাজও সম্পন্ন হচ্ছে।
গ্রিন টিভির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, অফিসের ওমেদা (সহকারী) মিন্টু ও তার জামাই সোহেলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সেবাপ্রার্থীদের কাছে চাঁদাবাজি ও ঘুষ বাণিজ্য চলছে। দলিল নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত অর্থ প্রদান করতে হচ্ছে। অফিসের কর্তৃপক্ষও এই অনিয়মের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়, সোহেলের প্রভাবে অনেক দলিল লেখক ও নকলনবিস জিম্মি হয়ে রয়েছেন। তারা সরকারি ফি ছাড়াও সোহেলের নির্ধারিত হারে টাকা দিতে বাধ্য হচ্ছেন। ‘খাস কামড়া’ নামে পরিচিত জমি নিবন্ধনের একটি বিশেষ প্রক্রিয়ায়ও সোহেলের সরাসরি হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ সেবা পেতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে সাব-রেজিস্ট্রার বা অফিসের কোনো কর্মকর্তার বক্তব্য অবিলম্বে পাওয়া যায়নি।
ইতিমধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে। সাধারণ মানুষ ও সেবাপ্রার্থীরা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Posted ২:০২ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah