নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 119 বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি বছরের জুলাই-আগস্টে ৩৬ দিনের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বিএনপির নেতাকর্মীরা। তিনি জানান, শেখ হাসিনার পতনের জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। বিএনপির কর্মীরা এখনো আন্দোলনের পথে রয়েছে। বিএনপির এই নেতার মতে বর্তমান সরকার তাদের সমর্থিত, তবে যদি সরকার নিরপেক্ষতা এবং জনগণের আস্থা হারায়, এর দায়ভার সরকারকেই নিতে হবে।
আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে পৌর মুক্তমঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিএনপির লড়াই সংগ্রামে যারা অংশ নিয়েছিল, তারা এখনো ঘরে ফিরে যায়নি।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রতি তাদের কোনো প্রত্যাশা নেই, কারণ জনগণের কাছে দায়বদ্ধ সরকার ছাড়া দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সম্ভব নয়। এ সময় তিনি উল্লেখ করেন, নির্বাচন হবে গণতন্ত্রের প্রতিষ্ঠা। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশ আবার শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসবে, যেমনটা বিএনপির সময় ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে তা দেখা যায়নি।
বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভুইয়া, হাফিজুর রহমান মোল্লা কচি, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।
প্রসঙ্গত: বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে সকাল থেকেই দলে দলে মিছির সহকারে লোকজন সমাবেশে যোগ দেয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয় এবং দেশের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই বলে দাবী করেন।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah