জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 62 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও চরম অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতালের অদক্ষতার কারণে এক প্রসূতি মা ও তার নবজাতক শিশু এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
ভুক্তভোগী সাথী আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামের বাসিন্দা। গত ৫ জুলাই বিকেলে প্রসব বেদনা উঠলে তাকে জৈনা বাজারের আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সিজারের আশ্বাস দিয়ে ১৫ হাজার টাকা চুক্তি করে অগ্রিম ৪৫০০ টাকা নেয়। কিন্তু রাতে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অদক্ষ নার্স ও স্টাফদের দিয়ে জোর করে নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। এতে প্রসূতির প্রসবপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
অবস্থা সংকটাপন্ন দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াতে রোগীকে অন্যত্র রেফার করে। বর্তমানে মা ও নবজাতক শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অদক্ষ হস্তক্ষেপের কারণে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে এবং শিশুর মাথা-ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। শিশুটি বর্তমানে আইসিইউতে রয়েছে।
এ ঘটনায় সাথী আক্তারের ভাই শাকিল আহমেদ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরিবারটি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য প্রশাসন, জেলা সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছে।
অভিযোগের বিষয়ে আনোয়ারা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ওই তারিখে তাদের হাসপাতালে কোনো ডেলিভারি হয়নি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, এ ধরনের নামসর্বস্ব ক্লিনিক ও হাসপাতালগুলো আর কত মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
Posted ২:০৪ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah