জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 317 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন এক অটোরিকশার চালক। এ ঘটনা ঘটে ৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায়।
জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে অটোরিকশা প্রবেশে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক মো. মুস্তাকিনকে (৩৫) আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল মো. সাঈদ (৬০) অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে বাধা দেন। এ সময় চালক মুস্তাকিন কথা না শোনায়, সাঈদ তার হাতে থাকা টেস্টার (স্ক্রু ড্রাইভার) দিয়ে অটোরিকশার চাকা ফুটো করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে চালক মুস্তাকিন টেস্টারটি কেড়ে নিয়ে উল্টো পুলিশ সদস্য সাঈদের মাথায় আঘাত করেন। আঘাতে সাঈদের মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। ঘটনার পরপরই অন্যান্য পুলিশ সদস্যরা চালক মুস্তাকিনকে আটক করে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah