অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত
দীর্ঘ পাঁচ বছর পর আলুর বাজারে স্বস্তি ফিরলেও কৃষকের সকল স্বপ্ন ভেস্তে যেতে বসেছে। মাঠ বা সড়কের পাশ থেকেই পাইকারি প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে মানভেদে ১১ থেকে ১৩ টাকায়। বেশ কয়েকবছর ধরে আলুর দামে উত্তাপ ছড়ালেও ফলন ভালো হওয়ায় এবারে বিক্রি হচ্ছে বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন দামে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার আলুর মাঠ ঘুরে এমনই তথ্য পাওয়া গেছে।
আলুর মাঠে গিয়ে কৃষক ও পাইকারদের সাথে কথা বলে জানা যায়, আগাম জাতের প্রতি কেজি ডায়মন্ড আলু ১১ থেকে ১৩ টাকায়, কার্ডিনাল ও ক্যারেজ ১০ থেকে ১১ টাকায়, লাল পাকরি (দেশি) ১২ থেকে ১৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষিরা উৎপাদন করে লোকশান গুণলেও ব্যবসায়ীরা হাত বদল করেই লাভ করছেন। খুচরা বাজারে জাতভেদে আলুর কেজি আজও ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার জয়পুরহাটে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে সাড়ে ৪৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯ লাখ ৩১ হাজার ৫শ’ টন আশা করা হচ্ছে। আবওহাওয়া অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলন হচ্ছে, কিন্তু দাম কমে গেছে। দেশের আলু উৎপাদনের শীর্ষ জয়পুরহাটে এবার লক্ষ্যমাত্রার চেয়ে তিন হাজার ৪৭০ হেক্টর বেশি জমিতে আলুর চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এই মৌসুমে আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪০ হাজার হেক্টর জমি। আর আলু চাষ হয়েছে ৪৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে।
পাইকারি দামে আলু কিনতে কালাই উপজেলার হারুঞ্জা মাঠে এসেছেন নওগাঁর ধামুরহাট উপজেলার মুনশ কান্তি নামে এক খুচরা ব্যবসায়ী। কথা হয় তার সাথে। তিনি বলেন, আমি আলুসহ সব সবজি খুচরা বিক্রি করি। আমার ৩৫ বছরের দোকানদারি। পাঁচ বছরের মধ্যে আলুর দামে রেকর্ড এবার। মাত্র তিন মাস আগে পুরনো এক কেজি আলু ৬০-৬৫ টাকা পর্যন্ত কিনেছি আমি। ৬০ কেজি ওজনে দুই বস্তা আলু কিনতে সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা লাগতো। আজ সেই দুই বস্তা আলু নিছি ১৪৫০ টাকা দিয়ে। কোনো অভিযোগ নেই। এতো কম দামে কয়েকবছরে কিনতে পারিনি। এটা একটা রেকর্ড।
আরেক পাইকার ফারুক মিয়া জানান, জয়পুরহাটের বিভিন্ন মাঠে আলু বাজার গেছে সর্বোচ্চ ১৩ টাকা কেজিতে। গত রাতে মোকাম থেকে এরকম দামেই আলু কিনতে বলা হয়েছে। অনেক সময় দাম ঠিক থাকে না। কারণ, দাম কম হলে কৃষকরা অনেক সময় আলু ওঠাতে চান না। তখন ২/১ টাকা বাড়তি দামে আলু কিনতে হয়। অর্থাৎ সরবরাহের ওপর নির্ভর করে বাজারদর। বর্তমানে বাজারে আলুর দাম কম যাচ্ছে। কাঁচামালের দাম নিয়মিত ওঠানামা করে।
বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান কৃষি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য এবং কৃষকদের উৎপাদিত পণ্য সঠিক মূল্যে ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বা বাজারে বিক্রি সুনিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah