জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 64 বার পঠিত
গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তায় বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনায় জনদুর্ভোগ বেড়ে চলেছে। এলাকাটিকে অনেকেই এখন “উন্মুক্ত ডাস্টবিন” বলে অভিহিত করছেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রচুর পরিমাণ আবর্জনা জমে থাকছে। ময়লার দুর্গন্ধে দাঁড়ানো দায় হয়ে পড়েছে। বিশেষ করে গরমে এই দুর্ভোগ আরও বেড়ে যায়। অথচ বর্জ্য ব্যবস্থাপনায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয় বলে জানা যায়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসন ও জনপ্রতিনিধিরা এলাকার এমন অবহেলা দেখেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। জনগণের ট্যাক্সের টাকায় তারা বিলাসবহুল জীবনযাপন করছেন, অথচ আমাদেরকে ময়লার মধ্যে বাস করতে হচ্ছে।”
তারা আরও বলেন, মাওনা চৌরাস্তা খুবই ছোট একটি বাণিজ্যিক এলাকা। সঠিক পরিকল্পনা ও তদারকি থাকলে এটিকে ফুলের বাগানের মতো সুন্দর করে তোলা সম্ভব। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জরিমানার মাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর পৌরসভা ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
মাওনা চৌরাস্তার এই বেহাল দশা গাজীপুরের অন্যান্য এলাকাতেও বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রিক ব্যর্থতার প্রতিফলন বলে মনে করছেন অনেকে।
Posted ১:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah