সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় সূত্র, নিহতের পরিবার ও পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য সোমবার বিকেলে এলাকায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে জাহাঙ্গীর আলম ও আতাউল্লাহর পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আতাউল্লাহর পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অপর পক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
এ হামলায় জাহাঙ্গীর আলমসহ ৫ থেকে ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রকিব উর রেজা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৬:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah