অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ | প্রিন্ট | 239 বার পঠিত
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে আগামী ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ ২৫ জুলাই বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার চার দিনের পরীক্ষা স্থগিত করার তথ্য দেন।
তপন কুমার জানান, আগামী ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা কবে নেওয়া হবে পরবর্তীতে আমরা তা জানিয়ে দেব।
কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এর আগে দুই দফায় চার দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
গত ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির তিন দিনের পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছিল।
সেদিনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, অনিবার্য কারণবশত ২১ জুলাই, ২৩ জুলাই এবং ২৫ জুলাই অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তার আগে গত ১৫ জুলাই রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার কথা বলা হয়েছিল।
Posted ৮:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah