অনলাইন ডেস্ক | রবিবার, ১১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 232 বার পঠিত
দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে আজ ১১ আগস্ট রোববার দুপুরে সরাসরি সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বেলা সোয়া ২টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে আসেন এবং উপস্থিত বিচারপতিদের সাথে করমর্দন করেন। কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতি সৌধে যাবেন প্রধান বিচারপতি।
এর আগে আজ রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী ও সাংবাদিকসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গতকাল ১০ আগস্ট শনিবার দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। শপথের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
Posted ৯:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ১১ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah