অনলাইন ডেস্ক | বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 98 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ ২০ নভেম্বর বুধবার। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। যদিও তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠান উদযাপন না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। ২২ বছর বয়সে তিনি ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সাথে সারা দেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। ২০০৯ সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে ৬ষ্ঠ কাউন্সিলেও তারেক রহমান সিনিয়র ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও তা পালন না করার জন্য নির্দেশনা দেয়া হয়। ১১ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জানানো হয়েছে জন্মদিন পালন না করার জন্য। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে সতর্ক করা হয়।
তারেক রহমান ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি বিমানবাহিনীর সাবেক প্রধান, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে ডা. জুবাইদা রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান সম্প্রতি লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটি থেকে আইন শাস্ত্রে ল’ ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন তারেক রহমান। সেখান থেকে সব সময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah