অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দু’পক্ষের অবস্থানের উপর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার প্রত্যাহার করে নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জিএমপি পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।’ এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন।
এ ঘটনায় ওইদিন দুপুরে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah