জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মধ্যে ১৪ তলা আবাসিক ভবন নির্মাণসংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ইউজিসির কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে নির্মিতব্য ভবনের প্রকল্প ধারণাপত্র, বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি), স্থাপত্য ও কাঠামোগত নকশা ডুয়েটের কনসালটেন্সি রিসার্চ অ্যান্ড টেস্টিং সার্ভিসেস (সিআরটিএস) আগামী ছয় মাসের মধ্যে প্রণয়ন করবে।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা কমিশনের অন্যতম অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।
তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে ভবনটি বসবাসের উপযোগী করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এজন্য ধারণাপত্র, ডিপিপি এবং স্থাপত্য ও কাঠামোগত নকশা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে, যাতে নির্মাণকাজে কোনো বিলম্ব না হয়।
ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ইউজিসি যে আস্থা রেখে বিশ্ববিদ্যালয়কে এ প্রকল্পের দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে ডুয়েট সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। নির্ধারিত সময়ের মধ্যেই ডিপিপিসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ডুয়েটে দক্ষ প্রকৌশলী ও স্থপতি রয়েছেন। দেশের উচ্চশিক্ষা খাতের নিয়ন্ত্রক সংস্থা ইউজিসিকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বের অংশ।
সভায় জানানো হয়, সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে আগামী দুই বছরের মধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ করে বসবাসের উপযোগী করা হবে। ভবন নির্মাণে পরিবেশবান্ধব প্রযুক্তি, জ্বালানি-সাশ্রয়ী নকশা এবং আধুনিক স্থাপত্যশৈলী অনুসরণ করা হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, সচিব ড. মো. ফখরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীরসহ ইউজিসি ও ডুয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি ডুয়েটের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নে ইউজিসির সহযোগিতা কামনা করেন। জবাবে ইউজিসির চেয়ারম্যান ডুয়েটের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় কমিশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
Posted ৫:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah