আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউনিভার্সিটি কলেজ অব অ্যাগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস অংশ নেন। ড. আহমেদ মুস্তফার উদ্যোগে এ সাক্ষাতের আয়োজন করা হয়।
বৈঠকে গাকৃবির ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থাগুলোর বিভিন্ন র্যাঙ্কিংয়ে গাকৃবি জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। কৃষি ও মৎস্য খাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবিত প্রযুক্তি এবং কৃষকবান্ধব নতুন জাত উদ্ভাবনের বিষয়েও তিনি আলোকপাত করেন।
আলোচনায় শিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক কৃষি ও জলজ সম্পদ উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে গাকৃবির সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি ও পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হলে উপাচার্য তা স্বাগত জানান। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সাক্ষাৎ শেষে গাকৃবির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে টিমোথি জে. ব্রুস বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ, আধুনিক গবেষণাগার ও ফিশারিজ অনুষদ পরিদর্শন করেন। তিনি গাকৃবির গবেষণা অবকাঠামো, চলমান বৈজ্ঞানিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনার প্রশংসা করেন।
Posted ১:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah