জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 78 বার পঠিত
প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা। এরপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও গবেষণাভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম নবীন শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সামার-২০২৬ টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তরে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষামন্ত্রী ও সংসদ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে অতিথিরা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি জানান, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং-২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া এসডিজি-১ সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২-এ ৬৬তম এবং এসডিজি-৪ সূচকে ১০১-২০০-এর মধ্যে স্থান পেয়েছে।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর’ ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে গাকৃবি। এছাড়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
উপাচার্য আরও জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর ছয়টি উন্নত জাত উদ্ভাবনে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এ পর্যন্ত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৯৭টি উচ্চফলনশীল জাত এবং ২০টিরও বেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, বরং জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও গবেষণামনস্কতা নিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
Posted ৫:০৬ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah