জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
মহাসড়কের টঙ্গীতে পুলিশ চেকপোস্টে তল্লাসি দেখে একটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে সন্ত্রাসী। পরে অস্ত্র ও গুলো উদ্ধার করে পুলিশ।
আজ ১৯ জুন বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় প্রেষণে কর্মরত পুলিশ টেলিকমের এএসআই শামীম রেজার নেতৃত্বে একদল পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট চলাকালে অটোরিক্সা সিগনাল দিয়ে থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেন পুলিশ সদস্য মো. হেলাল উদ্দিন। এ সময় থেমে থাকা এক অটোরিক্সা আরোহীর অজ্ঞাতনামা ব্যক্তি চেকপোস্টে পুলিশ সদস্যদেরকে দেখতে পেয়ে তার সাথে থাকা একটি বিদেশি পিস্তল ৬ রাউন্ড গুলি চেকপোস্টস্থলে ফেলে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অতঃপর অস্ত্রটি জব্দ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে অস্ত্রধারীকে গ্রেফতারে অভিযান চলছে।
Posted ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah