আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যালয় থেকে নিখোঁজের তিন দিন পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মো. তাফসিরুল ইসলাম অন্তু (১৩) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের পূর্ব পাশে অসংলগ্ন অবস্থায় হাঁটাচলা করতে দেখে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ ও কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে কাপাসিয়া থানা-পুলিশ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
অন্তু কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের সোহাগ খানের ছেলে। সে বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, উদ্ধারের সময় অন্তু কিছুটা অসুস্থ ও অসংলগ্ন অবস্থায় ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গত তিন দিন সে কোথায় ছিল কিংবা কীভাবে বিমানবন্দর এলাকায় পৌঁছেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্তুর বাবা সোহাগ খান বলেন, তিন দিন অচেতন থাকার পর শুক্রবার দুপুরের দিকে তার ছেলের জ্ঞান ফেরে। তখন সে নিজেকে বিমানবন্দর এলাকায় দেখতে পায়। এর আগে কয়েকবার বিমানবন্দরে যাওয়ায় জায়গাটি চিনতে পারে অন্তু। পরে কাছের একটি পুলিশ বক্সে গিয়ে মোবাইল ফোনে বাবাকে নিজের অবস্থান জানায়। পুলিশ তাকে বিমানবন্দর থানায় নিয়ে গেলে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান এবং তাকে কাপাসিয়ায় নিয়ে আসেন।
পরে বিকেলে অন্তুকে বিদ্যালয়ের সামনে নিয়ে গেলে তাকে দেখতে সেখানে সহস্রাধিক মানুষ ভিড় করেন। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিমানবন্দর এলাকায় অসংলগ্ন অবস্থায় হাঁটাচলা করতে দেখে পুলিশ অন্তুকে হেফাজতে নেয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে কাপাসিয়ায় নিয়ে আসা হয়। বর্তমানে সে কিছুটা অসুস্থ। সুস্থ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তখনই নিখোঁজ হওয়ার কারণ এবং গত কয়েক দিন সে কোথায় ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Posted ৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah