অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গবেষণায় নতুন মাইলফলক স্পর্শ করেছে। বিশ্ববিদ্যালয়টির দুই গবেষক সম্প্রতি সফলভাবে পিএইচডি ও এমফিল ডিগ্রি অর্জন করেছেন। থিসিস মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় তাঁদের গবেষণা সন্তোষজনকভাবে মূল্যায়িত হওয়ার পর বাউবির একাডেমিক কাউন্সিল গবেষণাকর্ম অনুমোদন দেয়।
স্কুল অব এডুকেশনের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের গবেষক রোকসানা গুলশান ‘রবীন্দ্রচিঠিতে প্রকৃতি ও আত্মচেতনা’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাউবির ইতিহাসে প্রথম পিএইচডি ডিগ্রিধারী গবেষক। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ এবং বাউবির স্কুল অব এডুকেশনের অধ্যাপক ড. সোয়াইব আহমেদ।
থিসিস মূল্যায়ন ও ডিফেন্স কমিটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. চেঙ্গীশ খান। বহিঃসদস্য হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা।
মূল্যায়ন বোর্ডের মতে, রোকসানা গুলশানের গবেষণাটি সুনির্দিষ্ট, গবেষণাধর্মী, আবেগমুক্ত ও পক্ষপাতহীন। ডকুমেন্ট অ্যানালাইসিস পদ্ধতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিতে প্রকৃতিচেতনা, আত্মচেতনা ও জীবনদর্শনের বিভিন্ন দিক বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করা হয়েছে। গবেষণাটি রবীন্দ্রচর্চা ও বাংলা সাহিত্য গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত দিয়েছেন মূল্যায়নকারীরা।
রোকসানা গুলশান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২১তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেন। বর্তমানে তিনি পল্লবী সরকারি কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত।
অন্যদিকে, বাউবির স্কুল অব বিজনেসের গবেষক প্রনব কুমার বৈষ্ণব ‘Factors Influencing the Adoption of Green Management Practices in the Banking Sector of Bangladesh’ শীর্ষক গবেষণার মাধ্যমে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাউবির দ্বিতীয় এমফিল ডিগ্রিধারী গবেষক।
বর্তমানে প্রনব কুমার বৈষ্ণব সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। তাঁর গবেষণায় বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রিন ম্যানেজমেন্ট প্র্যাকটিস গ্রহণে প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক, আচরণগত ও নীতিগত বিভিন্ন নিয়ামকের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ফারুক আহমেদ। বহিঃসদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং বাউবির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ। মূল্যায়ন ও ডিফেন্স কমিটির সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মো. মঈনুল ইসলাম।
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির প্রথম পিএইচডি ডিগ্রিধারী রোকসানা গুলশান এবং দ্বিতীয় এমফিল ডিগ্রিধারী প্রনব কুমার বৈষ্ণবের এই গবেষণা নিজ নিজ ক্ষেত্রে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা, নীতিনির্ধারণ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নবীন দুই গবেষককে অভিনন্দন ও শুভকামনা জানান।
Posted ১:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah