জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে ২৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে হিট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
রোববার সকাল ১০টায় বাউবির গাজীপুর ক্যাম্পাসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবির আইকিউএসির পরিচালক ও প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।
অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্তর্জাতিক মানের শিখন ও শিক্ষাদানের সক্ষমতা বাড়বে। পাশাপাশি উন্নত গবেষণা, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়াতে এ প্রশিক্ষণ সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষার্থীদের শিক্ষার মানও উন্নত হবে।
প্রশিক্ষণ কর্মসূচির পঞ্চম ও ষষ্ঠ ব্যাচে ২৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন সহকারী অধ্যাপক ও প্রভাষক অংশ নিচ্ছেন।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah