শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে মশা এসে ছড়াল ম্যালেরিয়া, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে দুই কর্মীর মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

বিমানে মশা এসে ছড়াল ম্যালেরিয়া, ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে দুই কর্মীর মৃত্যু

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বিরল ম্যালেরিয়া সংক্রমণে দুই কর্মীর মৃত্যু হয়েছে। বিমানবন্দরের মোট ছয় কর্মী মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ধারণা, আক্রান্তদের সংক্রমিত করা মশা কোনো একটি বিমানের মাধ্যমে জার্মানিতে এসে থাকতে পারে। জুলাইয়ে প্রথম কয়েকজন বিমানবন্দরকর্মীর ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর এ নিয়ে তদন্ত শুরু হয়।

বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্রাপোর্টের এক মুখপাত্র প্রথমে একজন কর্মীর মৃত্যুর কথা জানান। পরে বুধবার ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেন, আক্রান্তদের মধ্যে মোট দুজন মারা গেছেন।

সংক্রমণের উৎস শনাক্ত করতে বিমানবন্দরজুড়ে বিশেষ মশার ফাঁদ বসানো হয়েছে। এসব ফাঁদে ধরা পড়া মশা পরীক্ষাগারে পাঠিয়ে প্রজাতি ও সম্ভাব্য উৎস শনাক্তের চেষ্টা চলছে।

ফ্রাপোর্ট জানিয়েছে, বিমানবন্দরের কর্মীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। কারও মধ্যে ম্যালেরিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও তাদের বলা হয়েছে।

ছয় কর্মী আক্রান্ত

ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য বিভাগ ঘটনাটি তদন্ত করছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের ভিন্ন ভিন্ন এলাকায় ও বিভিন্ন দায়িত্বে থাকা ছয়জন পুরুষ কর্মী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা একই মশার কামড়ে সংক্রমিত হয়েছেন, নাকি একাধিক মশার মাধ্যমে রোগটি ছড়িয়েছে—তা জানতে তাদের রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার ফল পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে বিমানবন্দরের বাইরের সাধারণ মানুষের জন্য সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম বলে জানিয়েছে ফ্রাঙ্কফুর্টের জনস্বাস্থ্য বিভাগ। ম্যালেরিয়া সাধারণত একজন মানুষ থেকে আরেকজনের শরীরে সরাসরি ছড়ায় না; আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে।

বিমানে করে মশা আসার আশঙ্কা

জুলাইয়ে প্রথম চারজন বিমানবন্দর কর্মীর ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে। জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যবিষয়ক ফেডারেল সংস্থা রবার্ট কোখ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছিল, ওই চার কর্মী ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন।

আক্রান্তদের বিদেশ ভ্রমণের তথ্য না থাকায় বিমানের মাধ্যমে মশা জার্মানিতে প্রবেশ করে থাকতে পারে বলে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছিল আরকেআই।

জার্মানিতে ম্যালেরিয়ার অধিকাংশ ঘটনা বিদেশভ্রমণকারী ব্যক্তিদের মধ্যে দেখা যায়। সাধারণত ম্যালেরিয়াপ্রবণ দেশ থেকে সংক্রমিত হয়ে ফেরার পর তাদের শরীরে রোগটির লক্ষণ দেখা দেয়। তবে জার্মানির কোনো বিমানবন্দরের ভেতরে মশার মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা অত্যন্ত বিরল।

আরকেআই জানিয়েছে, বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকলে আক্রান্ত ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে—এটি শনাক্ত করতে চিকিৎসকদের দেরি হতে পারে। এতে রোগ গুরুতর হয়ে ওঠার ঝুঁকি বাড়ে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, জার্মানিতে বিমানবন্দরকেন্দ্রিক সর্বশেষ ম্যালেরিয়া সংক্রমণের ঘটনাও ২০২৩ সালে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেই ঘটেছিল।

কীভাবে ছড়ায় ম্যালেরিয়া?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু প্রজাতির মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। পরজীবীজনিত এ রোগ বিশ্বের উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি দেখা যায়।

ম্যালেরিয়া প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য হলেও গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা ও শরীর ব্যথা।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনায় সাধারণ মানুষের ঝুঁকি খুব কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সংক্রমণের উৎস ও মশার প্রজাতি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিমানবন্দরে মশা ধরার কার্যক্রম, নজরদারি ও নমুনা পরীক্ষা অব্যাহত থাকবে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া