অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। আগামী শনিবার নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) আয়োজিত অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানটির বিরোধিতা করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীসহ স্থানীয় কয়েকটি সংগঠন। অন্যদিকে আয়োজনের পক্ষে সরব হয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ম্যারি মিলবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মিলবেন মামদানীর সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরোধিতার কারণেই তিনি ভাগবতের অনুষ্ঠানের বিরোধিতা করছেন। অনুষ্ঠানটি যথারীতি অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
মিলবেন আরও বলেন, মামদানী ও তাঁর অনুসারীরা চাইলে নিজেদের অর্থ সংগ্রহ করে এমএসজি ভাড়া নিয়ে মোদিবিরোধী সমাবেশ আয়োজন করতে পারেন। একই সঙ্গে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে অর্থবহ আলোচনার আহ্বান জানান তিনি।
২০২৩ সালে নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে তাঁর ভাষণের আগে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেছিলেন মিলবেন। ‘জন গণ মন’ ও ‘ওম জয় জগদীশ হরে’ গাওয়ার জন্য ভারতে তিনি পরিচিত।
অনুষ্ঠানটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী। তিনি বলেন, তিনি এই সমাবেশকে সমর্থন করেন না। তবে এটি একটি ব্যক্তিগত অনুষ্ঠান হওয়ায় তা বাতিল করার ক্ষেত্রে নিউইয়র্ক সিটির কোনো আইনগত এখতিয়ার রয়েছে কি না, তা তাঁর জানা নেই।
মামদানী বলেন, তাঁর পরিবার তাঁকে ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভারতের ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে বর্জন ও একচেটিয়া ভাবধারার ওপর ভিত্তি করে একটি আন্দোলনের উত্থান উদ্বেগজনক।
আয়োজক সংগঠন ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ জানিয়েছে, কয়েকটি হিন্দু-আমেরিকান সংগঠনের সমর্থনে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। তাদের দাবি, যৌথ ঐতিহ্য ও আন্তধর্মীয় সম্প্রীতি উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।
আয়োজকদের ওয়েবসাইটে অনুষ্ঠানটিকে ‘সার্বজনীন একত্ব উদযাপন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মোহন ভাগবতের উপস্থিতি এবং আরএসএসের ইতিহাসের কারণে নিউইয়র্কের কয়েকটি স্থানীয় সংগঠন অনুষ্ঠানটির সমালোচনা করেছে।
এ নিয়ে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আরএসএসের অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাজনীতি, হিন্দুত্ববাদ ও ধর্মীয় বহুত্ববাদ নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।
Posted ১২:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah