সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। অথচ বিরোধী দল আবারও দেশের জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছেন, তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। অথচ বিরোধী দল সংসদে সমর্থন দেওয়ার কথা বললেও সংসদের বাইরে তাদের ভিন্ন রূপ দেখা যায়।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল, সংসদের বাইরে এসে তারা সেই চরিত্রই ফুটিয়ে তুলছে। তারা মুখে বলে এক, অন্তরে আরেক।’
বাকস্বাধীনতার নামে বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে। জামায়াতে ইসলাম বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
আমিনুল হক বলেন, ‘এর চেয়ে বড় মিথ্যাচার আর কী হতে পারে। মূলত জামায়াতে ইসলাম তাদের আচার-আচরণের মাধ্যমে গুপ্ত হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে না পেরে তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে।’
তিনি আরও বলেন, দেশের বর্তমান বিশৃঙ্খল পরিবেশে আওয়ামী লীগের দোসরদের সঙ্গে তারাও একত্রিত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। এ অবস্থায় দেশের জনগণকে সজাগ ও সতর্ক থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখার আহ্বান জানান তিনি।
ক্রীড়া উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য মানুষ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন প্রমুখ।
Posted ১:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah